অবৈধ ৫ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ১১:২২ পিএম
 অবৈধ ৫ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- পূর্ব এলাহাবাদ এলাকার মেসার্স পটিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং, মেসার্স শাহ আমানত ব্রিকস, মেসার্স জোহাদিয়া ব্রিকস, মেসার্স ন্যাশনাল ব্রিকস ম্যানুফ্যাকচারিং এবং মেসার্স চৌধুরী ব্রিকস। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল এবং ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৭ চট্টগ্রাম, চন্দনাইশ থানা পুলিশ, চট্টগ্রাম রিজার্ভ পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চন্দনাইশ স্টেশনের সদস্যরাও অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

Link copied!